
উলিপুর প্রতিনিধি,মোঃসোলায়মান গনি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে কপিল উদ্দিন (৯০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।বৃহস্পতিবার(৩ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের যাদুপোদ্দার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত কপিল উদ্দিন বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের বাসিন্দা।আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের আব্দুল সালাম (৩০),ইমরান আলী (৪)এবং শাহানা বেগম (৩৫)।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুরে সাতভিটা গ্রাম থেকে আটজন যাত্রী একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে পাশ্ববর্তী পাতিলাপুর গ্রামে এক দাওয়াতে যাচ্ছিলেন।পথিমধ্যে যাদুপোদ্দার এলাকায় একটি বালুভর্তি ট্রাক্টরকে ওভারটেক করার চেষ্টা করার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কপিল উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) রাশেদ পারভেজ বলেন,কপিল উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।