
মো: সৈকত জামান (প্রিন্স):
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: ৯ম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার ফুলছড়িতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন অংশগ্রহণকারীরা। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন, উপজেলা কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক আবুল হোসেন সিকদার, সদস্য সচিব রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসের প্রতিনিধি আবু হাসান মানিক, মৎস্য অফিসের প্রতিনিধি আশরাফুল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি জহুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও বিদ্যমান বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে পরিবার পরিজন নিয়ে সম্মানজনক জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। বক্তারা বলেন, কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ হলে প্রশাসনিক সেবার মান বাড়বে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে উৎসাহ সৃষ্টি হবে।