মাহাবুব আলম তুষার,মানিকগঞ্জ প্রতিনিধি
“নীতিমালা নয়, আমাদের রুজি-রুটির গলাটিপে ধরা!”-এমন ক্ষোভ আর উদ্বেগের স্লোগানে মুখর হয়ে ওঠে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ। ‘সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা–২০২৫’ বাতিল ও পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধনে ফেটে পড়েন সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতারা।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে জেলার শতাধিক খুচরা কার্ডধারী সার ডিলার একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কৃষি মন্ত্রণালয়-এর স্মারক নং ১২.০০.০০০০.০৩১.৪০.০০.২৫.১৮ অনুযায়ী গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত নীতিমালায় দেশব্যাপী সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত এবং পৃথকভাবে খুচরা বিক্রেতা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে সকল দায়-দেনা নিষ্পত্তির নির্দেশনাও দেওয়া হয়েছে।
ডিলারদের দাবি, এই সিদ্ধান্ত কার্যকর হলে সারাদেশের প্রায় ৪৪ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী চরম অনিশ্চয়তার মুখে পড়বেন। তিন দশকেরও বেশি সময় ধরে পৈত্রিকসূত্রে ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসা এসব খুচরা বিক্রেতাই কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেন। চাষাবাদের মৌসুমে কৃষকের হাতে নগদ অর্থ না থাকলেও তারাই বাকিতে সার সরবরাহ করে কৃষি উৎপাদনের চাকা সচল রাখেন।
বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা বা মতবিনিময় ছাড়াই এমন গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। হঠাৎ করে সনদ স্থগিত হলে হাজারো ব্যবসায়ী, তাদের কর্মচারী ও পরিবার চরম আর্থিক সংকটে নিমজ্জিত হবেন। দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, ব্যাংক ঋণের কিস্তি—সবই হয়ে উঠবে দুঃস্বপ্ন।
মানববন্ধনে অংশগ্রহণকারী নেতারা জোর দিয়ে বলেন, “এই নীতিমালা বাস্তবায়ন নয়, অবিলম্বে স্থগিত চাই। খুচরা সার বিক্রেতাদের স্বাভাবিক ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে।” তারা দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং কৃষকবান্ধব ও ব্যবসায়ীবান্ধব সমাধানের আহ্বান জানান।
কর্মসূচির আয়োজন করে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কেএসবিএবি) মানিকগঞ্জ জেলা শাখা। সংগঠনের পক্ষে জেলা নেতা মোঃ আওলাদ হোসেন স্মারকলিপিতে স্বাক্ষর করেন।ক্ষুব্ধ ডিলারদের হুঁশিয়ারি—দাবি না মানা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com