মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের ছোট মাকুহাটি গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জেলা গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।পরে বিকেল ৪ টার দিকে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: মেনহাজুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় একটি বিদেশি পিস্তল,এক রাউন্ড গুলি,একটি দেশীয় পাইপগান,ছুরি,দা,হাতুড়ি ও লোহার পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র এবং ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন-ছোট মাকুহাটি গ্রামের শুভ গাজী (৩৭) ও রাসেল শিকদার (৪৩) এবং মধ্য মাকুহাটি গ্রামের আল আমিন মাঝি (৩২)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুভ গাজীর বাড়িতে অভিযান চালায়।এ সময় রাসেল শিকদার পালানোর চেষ্টা করলে তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরে বাড়ির মালিক শুভ গাজীর কাছ থেকে আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে,বাড়ির একটি কক্ষে অবস্থানরত আল আমিন মাঝিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই কক্ষ থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত।আল আমিন মাঝি আলোচিত ছানা মাঝি হত্যা মামলার পলাতক আসামী এবং এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) মো:ফিরোজ কবির,ওসি ডিবি ইশতিয়াক আশরাফ রাসেল প্রমুখ।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com