মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই শুরু হওয়া এ ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকাল সোয়া ৫টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে এবং তারা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,আগের দিন রাতে দুই যুবককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরোধ সৃষ্টি হয়। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তদন্ত চলাকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং হঠাৎ করেই ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি শুরু হয়। এতে কয়েকজন নারীসহ অন্তত ১৫ জন আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। অধিকাংশের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এক পক্ষের দাবি,পূর্বের ঘটনার জেরে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছে। তবে অপর পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তা জানান,তদন্ত চলাকালীন দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে সংঘর্ষে রূপ নেয়।পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:হাসান আলী জানান, দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ারে আঘাত করার মতো ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com