প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে দখল-দূষণে বিলীনের পথে নয়নের খাল

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
স্রোতবাহী খালটিতে চলত নৌকা।খালের স্বচ্ছ পানি দৈনন্দিন কাজে ব্যবহার করতেন দুই পাড়ের বাসিন্দারা।খালের মনোরম দৃশ্য নয়ন জুড়াত বলে এলাকাবাসী নাম দিয়েছিল ‘নয়নের খাল’। সেই খাল এখন আর নয়ন জুড়ায় না। দখল ও দূষণে জর্জরিত হয়ে এখন অস্তিত্ব হারানোর পথে। ব্যাবসা প্রতিষ্ঠান, গরুর খামার, ঘরবাড়ি বানিয়ে যে যেভাবে পেরেছে, খালটি দখল করেছে। ফেলেছে ময়লা-আবর্জনা। প্রাকৃতিক পরিবেশ হারিয়ে এখন খালটি নর্দমার স্তূপে পরিণত হয়েছে। ৩৫ থেকে ৪০ ফিটের খালটি কোনো জায়গায় ৫ ফিট, কোনো স্থানে ১০ ফিট আবার কোনো কোনো জায়াগায় খালের অস্তিত্বই নেই। খালের ময়লার স্তূপের গন্ধে পাশ দিয়ে হেঁটে যাওয়া ও কষ্টকর। আর বৃষ্টি হলে খালের ময়লার পানিতে একাকার হয় খালের দুই পাশের এলাকা ও বাড়িঘর। নয়নের খালটির অবস্থান মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নে। খালটির এক প্রান্ত রিকাবীবাজার খালে মিশেছে। সেখান থেকে বিনোদপুর উচ্চবিদ্যালয় হয়ে প্রায় দুই কিলোমিটার দূরে মীরাপাড়া মসজিদ সংলগ্ন গোপপাড়া খালের সঙ্গে যুক্ত হয়েছে। বিনোদপুর উচ্চবিদ্যালয় থেকে খালের দুই পাশে ব্যাবসা প্রতিষ্ঠান, গরুর খামার ও ঘরবাড়ি তুলে বেশির ভাগ অংশ দখল করা হয়েছে। খালটির দুপাশে প্রায় পঞ্চাশ হাজার মানুষের বসবাস। খালের অপরিচ্ছন্ন পরিবেশ ও ময়লা পানি আর মশার উৎপাতে মানুষের জীবন অতিষ্ঠ। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ অংশ হলেও পৌর কর্তৃপক্ষ কিংবা ইউনিয়ন পরিষদের খালটি উদ্ধারে নেই কোনো উদ্যোগ কিংবা কর্মপরিকল্পনা। খালটি মিরকাদীম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নের অংশ বিধায় প্রশাসনিকভাবে তেমন গুরুত্বও পায় না।
স্থানীয় মিরকাদীম পৌর এলাকার বাসিন্দা ফাহিম জানান, ‘নয়নের খাল ৯০ শতাংশ দখল হয়ে গেছে। বাকি অংশ ময়লা-আবর্জনায় পরিপূর্ণ। ময়লার গন্ধে পাশ দিয়ে হেঁটে যাওয়া কষ্টকর। বর্তমানে খালটির অস্তিত্ব বিলীন হওয়ার পথে।দখলবাজদের উচ্ছেদ করে খালটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া জরুরি। পৌর এলাকার এক বাসিন্দা বলেন, খালটির অধিকাংশ ভরাট হয়ে গেছে। খালটির মুখে ভরাট দখল ও গরুর খামার করায় পানিও প্রবেশ করতে পারে না। এজন্যই ধীরে ধীরে খালটি দখল ও ময়লা আবর্জনায় ভরে গেছে। এলাকার পরিবেশ রক্ষায় ও মানুষের ভোগান্তি লাঘবে খালটি দখলমুক্ত করা উচিত। খালের পাশে বসবাসকারী এক শিক্ষক জানান, খালের অবস্থা দেখলে যে কেউ বলবে, মিরকাদিমে খাল দখলের মহোৎসব চলছে। খাল ভরাটের কারণে গোটা পৌরসভায় পয়োনিষ্কাশন-ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান জানান, খালটি খনন ও উদ্ধারের জন্য সরকারের কাছে তালিকা দেওয়া হয়েছে। খালটি খননের জন্য আমরা দ্রুত ব্যবস্থা নেব। খননের সময় খালটি দখলমুক্ত করার জন্যও ব্যবস্থা নেওয়া হবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com
সমস্ত অধিকার সংরক্ষিত বাংলা মাটির নিউজ।