মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলায় ভূমি অফিসের ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী মোঃ সবুজ সরদারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে সম্মানহানির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, একটি কথিত অনলাইন ফেসবুক পেজে আংশিক বক্তব্য প্রচার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, সংশ্লিষ্ট ফেসবুক পেজে যেসব ব্যক্তির বক্তব্য প্রকাশ করা হয়েছে, তাদের পূর্ণ বক্তব্য উপস্থাপন না করে আংশিক অংশ কেটে প্রকাশ করা হয়েছে। এছাড়া অভিযুক্ত হিসেবে উল্লেখ করা মোঃ সবুজ সরদার, পত্নীতলার সহকারী কমিশনার (ভূমি) জুয়েল হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার মোছা. রিফাত আরার কোনো বক্তব্য সেখানে নেওয়া হয়নি।
এ ঘটনায় সচেতন মহলের প্রশ্ন-যদি সত্যিই কোনো অভিযোগ থাকে, তবে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য না নিয়ে একতরফাভাবে কেন সংবাদ প্রকাশ করা হলো?
যাদের বক্তব্য প্রকাশ করা হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করলে ভিন্ন চিত্র পাওয়া যায়। মোঃ মোতাহার নামের এক ব্যক্তি জানান, তিনি সবুজ সরদারের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তার ভাষায়, “সবুজ আমার কাছে কোনো টাকা চাননি। পুকুর লিজ নেওয়ার বিষয়ে কথা বলতে একজন আমার বাসায় এসেছিল। আমি শুধু সে বিষয়ে কথা বলেছি। আমার বক্তব্য কেটে নিজেদের মতো করে ফেসবুকে প্রকাশ করা হয়েছে, এর দায় আমার নয়।”
অন্যদিকে হামিদুর মাষ্টার নামের আরেক ব্যক্তি বলেন, আমি বলেছি সবুজ সরদারকে অফিসে পাইনি-এটা সত্যি। তবে এ বিষয়ে আমি কোনো লিখিত অভিযোগ করিনি।
অভিযোগের বিষয়ে মোঃ সবুজ সরদার বলেন, আমি যদি অভিযুক্ত হয়ে থাকি, তাহলে সাংবাদিকদের কাজ হচ্ছে অনুসন্ধান করে সঠিক তথ্য প্রকাশ করা, হয়রানি করা নয়। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ অনলাইনে প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। এমনকি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও মতামত নেওয়া হয়নি। একটি অডিও বক্তব্য ব্যবহার করা হয়েছে, যা প্রায় এক বছর আগের এবং সেটিও আংশিকভাবে কেটে ব্যবহার করা হয়েছে।
পত্নীতলার সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া জানান, সবুজ সরদারের বিরুদ্ধে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অনলাইন মাধ্যমে যে পোস্টগুলো করা হয়েছে, সে বিষয়ে আমাদের কাছ থেকেও কোনো বক্তব্য নেওয়া হয়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, যাচাই-বাছাই ছাড়া একতরফা তথ্য প্রকাশ বন্ধ করে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা জরুরি।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com