স্টাফ রিপোর্টার:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।এ সময় তারা প্রিপেইড মিটারের কারণে অতিরিক্ত বিল কাটা,বিভিন্ন চার্জ আরোপ এবং গ্রাহক হয়রানির অভিযোগ তুলে ব্যবস্থা বাতিলের দাবি জানান।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মোড় বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকশো গ্রাহক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন,প্রিপেইড মিটার ব্যবহারের কারণে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অস্বচ্ছভাবে টাকা কেটে নেওয়া হচ্ছে।
মানববন্ধন শেষে যুবদল নেতা শহীদুল ইসলামের নেতৃত্ব একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।মিছিলটি উপজেলা বাসষ্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে আলাউদ্দিন কমপ্লেক্স ভবনে সিরাজদিখান পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে গিয়ে শেষ হয়।পরে আন্দোলনকারীরা জোনাল অফিসের এজিএমের কাছে গিয়ে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে সাত দিনের আল্টিমেটাম দেন।
বক্তারা আরও অভিযোগ করেন,দীর্ঘ রিচার্জ নম্বর ব্যবহারের কারণে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ছেন।এছাড়া আগের এনালগ মিটারের মাধ্যমে যেসব কর্মসংস্থান ছিল,তা কমে গেছে বলেও তারা দাবি করেন।
তারা জানান,প্রায় এক বছর আগে একই দাবিতে মানববন্ধন করা হলেও তখন কর্তৃপক্ষ ধাপে ধাপে প্রিপেইড মিটার অপসারণের আশ্বাস দিয়েছিল।কিন্তু দীর্ঘ সময় পার হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
আন্দোলনকারীরা বলেন,আগামী সাত দিনের মধ্যে প্রিপেইড মিটার অপসারণে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com