স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা,শিক্ষার্থী,সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা.সাজেদা বেগম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার,উপপরিচালক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোহাম্মদ লুৎফর রহমান এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু।এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,কোমলমতি শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।তারা বলেন,তামাক ব্যবহার ক্যান্সার,হৃদরোগ,শ্বাসতন্ত্রের জটিলতাসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের অন্যতম প্রধান কারণ।একই সঙ্গে তামাক চাষ ও ব্যবহারের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব এবং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
বক্তারা তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়ন, ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মকে তামাকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।তারা একটি সুস্থ,নিরাপদ ও তামাকমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব তামাক মুক্ত দিবসের প্রতিপাদ্য বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com