স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা ও নতুন ভাষানচর গ্রামের সীমান্তবর্তী সিরাজদিখান-বালুচর সড়কের মাঝখানে সৃষ্টি হয়েছে একটি বড় ও ঝুঁকিপূর্ণ গর্ত। গুরুত্বপূর্ণ এই সড়কের মাঝখানে তৈরি হওয়া গর্তটি যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে দেখা যায়,গর্তটি বেশ গভীর হওয়ায় স্থানীয়রা দুর্ঘটনা এড়াতে গাছের ডালপালা ও ইট দিয়ে সাময়িকভাবে সতর্কীকরণ চিহ্ন বসিয়েছেন।তবে রাতের অন্ধকার কিংবা বৃষ্টির সময় গর্তটি সহজে চোখে পড়ে না।ফলে মোটরসাইকেল,অটোরিকশা,ভ্যানসহ বিভিন্ন যানবাহনের চালক এবং পথচারীরা প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয়দের অভিযোগ,উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে গর্তটি সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ,বিশেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।তাদের দাবি,মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবিলম্বে গর্তটি সংস্কার করে সড়কটি চলাচলের উপযোগী করা হোক।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন,"দুর্ঘটনা ঘটার পর নয়, তার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।মানুষের জীবন রক্ষায় দ্রুত এই সড়কটি সংস্কার করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী মো:আসিফউল্লাহ বলেন,বিষয়টি আমাদের নজরে এসেছে।প্রয়োজনীয় জনবল দিয়ে দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামতের চেষ্টা করছি।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com