স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভিমরুলের কামড়ে রাফসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার(২ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের চৌকিদারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাফসান ওই এলাকার বাসিন্দা আরশাদ আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার দুপুরে বাড়ির পাশের উঠানে খেলার সময় রাফসান একটি পাতাযুক্ত ডাল টান দেয়।এতে ঝোপের ভেতরে থাকা ভিমরুলের চাক থেকে অসংখ্য ভিমরুল বের হয়ে তাকে একযোগে আক্রমণ করে।এতে শিশুটির চোখ-মুখ ফুলে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়।পরে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবিনা জানান,শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ভিমরুলের কামড়ে রাফসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com