স্টাফ রিপোর্টার : মাহাবুব আলম
‘এরপর যদি ধামরাইয়ের রাজনৈতিক বিষয়ে ও বিএনপির বিপক্ষে অন্যায়ভাবে একটি উচ্চারণ করেন, সাংবাদিকতা শিখিয়ে দেবো। একদম সোজা কথা।’—সাংবাদিকদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মো. তমিজ উদ্দিন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ধামরাই পৌর শহরের আইঙ্গন এলাকায় নিজের মালিকানাধীন কিষান কোল্ড স্টোরেজে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার বালিথা এলাকায় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। তাদের মধ্যে একটি পক্ষকে এমপি তমিজ উদ্দিনের অনুসারী এবং অপর পক্ষকে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান রোমার অনুসারী হিসেবে উল্লেখ করা হয়।
ঘটনার পর রমিজুর রহমান রোমা এমপি তমিজ উদ্দিনকে উদ্দেশ করে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় রোমিজুর রহমান রোমাকে প্রধান আসামি করে মামলা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে রমিজুর রহমান রোমাকে ইঙ্গিত করে তমিজ উদ্দিন তাকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করেন। একই সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ ও রাজনৈতিক বিরোধ নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে তমিজ উদ্দিন বলেন, ‘প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা এই গরমের মধ্যে এসেছেন, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শুধু একটা কথা বলতে চাই—আমি কারও শত্রু না। আমি কারও সঙ্গে রাগের বিভাজন হয়, এমন কোনো কাজ করি না। আপনারা জানেন।’
একপর্যায়ে তিনি বলেন, ‘এরপর যদি ধামরাইয়ের ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে, বিএনপির বিপক্ষে একটি উচ্চারণ করেন অন্যায়ভাবে, সাংবাদিকতা শিখিয়ে দেবো। একদম সোজা কথা।’
তিনি আরও বলেন, ‘স্বৈরাচারের দোসর হয়ে কে কাকে শেল্টার দিলো—আর দুই হাজার, পাঁচ হাজার টাকা খেয়ে যা খুশি তাই করবেন, এটা ভুলে যেতে হবে।’
বালিথার সংঘর্ষের প্রসঙ্গ টেনে এমপি বলেন, ‘আজকে যে চ্যালেঞ্জ দিলো, সে কিন্তু ভোটের চ্যালেঞ্জ দেয় নাই, জনগণের কথা বলে নাই। “ক্ষমতা থাকলে সুতিপাড়া আইসা আমার লগে মারামারি করো”—এমন কথা বলেছে। আপনারা একবারের জন্য প্রশ্ন করেন নাই, আপনি কী বলতেছেন? এমপি আপনার সঙ্গে মারামারি করতে আসবে কেন?’
রমিজুর রহমান রোমাকে ইঙ্গিত করে তমিজ উদ্দিন আরও অভিযোগ করেন, তার কোনো ট্রেড লাইসেন্স নেই, অথচ ঢাকাসহ ধামরাইয়ে তার একাধিক বাড়ি ও বড় বড় স্থাপনা রয়েছে। তার বিপুল সম্পদের উৎস নিয়েও সাংবাদিকদের প্রশ্ন করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘দয়া করে আপনারা সম্মানের জায়গায় থাকেন। আপনারা আমাকে ভালো করে চেনেন। একটা খবর প্রচার করার আগে ভালো করে দেখে, বুঝে, দয়া করে করবেন।’
তিনি আরও বলেন, ‘স্বচ্ছ, সুন্দর সংবাদ আপনারা পরিবেশন করেন। আমরা আপনাদের স্যালুট দেবো। সমস্যা থাকলে বলবেন। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করবো। কারণ আপনাদের ক্ষমতা আমার চেয়ে অনেক বেশি। আমরা সবাই আপনাদের সম্মান করি।’
এদিকে সংবাদ সম্মেলনের পর তমিজ উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত উপজেলা বিএনপি, পৌর বিএনপি, পৌর ছাত্রদল ও ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা প্রশাসনের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয় বলে জানা গেছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com