মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো প্রোডাক্টসহ (এইচটিপি) সব ধরনের নতুন নিকোটিন পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, মজুত, বিক্রি, বিপণন, বিতরণ ও ব্যবহার নিষিদ্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষা করতে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এবং এসব পণ্যের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
রোববার (১১ অক্টোবর) সকালে জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে এবং প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার সহযোগিতায় নওগাঁ শহরের উকিলপাড়ায় ন্যাশনাল মডেল স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল, ‘ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পণ্য নিষিদ্ধ করুন, শিশু-তরুণদের রক্ষা করুন।’
প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্র ও রহমান স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক তাহেরা এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক মো. সহিদ প্রামানিক। প্রধান আলোচক ছিলেন সমাজকর্মী ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। বক্তব্য দেন প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের পরিচালক ও সাপ্তাহিক প্রজন্মের আলোর ব্যবস্থাপনা সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর।
প্রধান অতিথি মো. সহিদ প্রামানিক বলেন, সন্তানদের ধূমপান ও নিকোটিনের আসক্তি থেকে রক্ষা করতে ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচ ও হিটেড টোব্যাকো প্রোডাক্টের উৎপাদন ও আমদানি বন্ধসহ কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। তামাকজাত দ্রব্যের ব্যবহার স্বাস্থ্য ও অর্থনীতির জন্য ক্ষতিকর। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রধান আলোচক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী বলেন, নতুন ধরনের নিকোটিন পণ্যের বিস্তার জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। এসব পণ্যের ওপর শুধু কর আরোপ না করে কার্যকর নিয়ন্ত্রণ ও নিষিদ্ধকরণে সুস্পষ্ট নীতিগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধের বিধান কার্যকর করতে শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় আইনগত ক্ষমতা দেওয়ার উদ্যোগ নিতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ের মাসিক সমন্বয় সভায় নতুন নিকোটিন পণ্যের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা এবং প্রাথমিক থেকে উচ্চতর সব পর্যায়ের পাঠ্যক্রমে এসব পণ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতামূলক বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
হাফেজ আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষা করতে নতুন ধরনের নিকোটিন পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, মজুত, বিক্রি, বিপণন, বিতরণ ও ব্যবহার নিষিদ্ধ করতে হবে। এ জন্য সরকারের আগের তামাকবিরোধী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
সভাপতির বক্তব্যে তাহেরা এনায়েত করিম বলেন, ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগের চিকিৎসায় হাসপাতালগুলোর ওপর চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে নতুন প্রজন্মকে নিকোটিনের আসক্তি থেকে রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি ও আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে এসব পণ্যের বিস্তার রোধ করা সম্ভব।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রচলিত তামাকজাত পণ্যের পাশাপাশি নতুন ধরনের নিকোটিন পণ্যের বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে শিশু-কিশোর ও তরুণদের আসক্তির ঝুঁকি বাড়তে পারে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় এসব পণ্য নিষিদ্ধসহ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ সময় ব্যবসায়ী মো. শওকত আলী ও মো. সেলিম হোসেন, ন্যাশনাল মডেল স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক মনজুর এলাহী, ফরহাদ হোসেন, নজরুল ইসলাম, নুর ইসলাম, আব্দুল হাকিম, নাঈম ইসলাম, আব্দুল কুদ্দুস এবং প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার ডিজিটাল কনটেন্ট এডিটর আব্দুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com