মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরমে একটি পোলট্রি খামারে প্রায় ৬০০ মুরগির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন খামার মালিক। মারা যাওয়া মুরগিগুলো বিক্রির জন্য প্রস্তুত ছিল। আগামীকাল থেকেই এসব মুরগি বিক্রি শুরু করার কথা ছিল। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামার মালিক।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার খাজুর ইউনিয়নের কুমারপাড়া এলাকার ‘গ্রীন জন এগ্রো ফ্লক’ নামের খামারে এ ঘটনা ঘটে। খামারটির মালিক মোছা. হাসিনা খাতুন। তাঁর স্বামী সাংবাদিক মো. তৌফিক ইকবাল।
খামার মালিকের স্বামী মো. তৌফিক ইকবাল জানান, বিদ্যুৎ না থাকায় খামারের ভেতরে তাপমাত্রা বেড়ে যায়। অতিরিক্ত গরমে মুরগিগুলো স্ট্রোক করে মারা গেছে বলে তাঁরা ধারণা করছেন। দুপুর থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে মুরগিগুলোর মৃত্যু হয়। আগামীকাল থেকে মুরগি বিক্রি শুরু করার কথা থাকলেও একসঙ্গে এত মুরগি মারা যাওয়ায় তাঁরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
তিনি আরও জানান, তাঁদের খামারের পাশের আরেকটি খামারেও একই ধরনের সমস্যা হয়েছে। তবে ওই খামারে কতটি মুরগি মারা গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে এখনো প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়নি বলে জানিয়েছেন তৌফিক ইকবাল। ফলে মুরগি মৃত্যুর প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com