মেহেদী হাসান অন্তর,নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ শহরের পার নওগাঁ এলাকায় স্বতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজটি প্রতিষ্ঠিত হলে স্থানীয় মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ উদ্যোগকে ঘিরে নারী শিক্ষার প্রসারে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
নওগাঁর মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এলাকায় একটি স্বতন্ত্র মহিলা কলেজ প্রতিষ্ঠিত হলে পার নওগাঁসহ আশপাশের এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে।
স্থানীয়দের ভাষ্য, সময়ের সঙ্গে নওগাঁর শিক্ষার চাহিদা বাড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় নিয়ে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। আগামী ৫০ থেকে ১০০ বছরের শিক্ষার চাহিদা মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্ব দেন তাঁরা।
নওগাঁ ডিগ্রি কলেজ ও বিএমসি কলেজ একীভূত হয়ে নওগাঁ সরকারি কলেজে রূপ নেওয়ার প্রসঙ্গ তুলে স্থানীয়রা বলেন, জেলার উচ্চশিক্ষার চাহিদা পূরণে নতুন ও বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্যোগে পার নওগাঁয় মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, উদ্যোগটি বাস্তবায়িত হলে মেয়েদের উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে।
সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁর পিছিয়ে পড়া মেয়েদের জন্য এ কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজটিকে ভবিষ্যতে ডিগ্রি কলেজে রূপান্তরের জন্য সরকারের সঙ্গে আলোচনা করবেন তিনি। মেয়েদের উচ্চশিক্ষার জন্য যেন বগুড়া, রাজশাহী কিংবা ঢাকায় যেতে না হয়, সে লক্ষ্য নিয়ে কলেজে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কলেজে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, ডিজিটাল পরীক্ষাগার, গ্রন্থাগার ও কমনরুমসহ প্রয়োজনীয় আধুনিক সুবিধা রাখার পরিকল্পনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়িত হলে পার নওগাঁসহ আশপাশের এলাকার মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে প্রত্যাশা স্থানীয়দের। তবে কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষার মান নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণকে গুরুত্বপূর্ণ মনে করছেন তাঁরা।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com