স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত জেলেদের মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার ২০ অক্টোবর সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান চালায় লৌহজং ও শ্রীনগর উপজেলা প্রশাসন।এ সময় প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও পাঁচ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।উদ্ধার করা ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু এবং শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান।
অভিযানে আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম,শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম,মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো:মালেক খসরু খান,মাওয়া কোস্টগার্ডের সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর এবং নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে এ অভিযান পরিচালনা করা হয়।নিষেধাজ্ঞার সময় নদীতে মা ইলিশ শিকার, পরিবহন,মজুত ও বিক্রি ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com