স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় এলোপাতাড়ি চাপাতির কোপে গুরুতর আহত জহির ফকির (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ৯ টার দিকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জহির ফকির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও আড়াইহাজার উপজেলা যুবদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক। তাঁর বাড়ি আড়াইহাজার উপজেলার খালিয়ার চর এলাকায়। তাঁর বাবার নাম রহমান। তিনি মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় ভাড়া থাকতেন। সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় তাঁর একটি ফার্মেসি রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিটের মধ্যে বালুরঘাট এলাকার একটি মাদ্রাসার পাশে রাস্তার ধারে জহির ফকিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁকে উদ্ধার করে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক ডা.মো:আতাউল করিম জানান,জহির ফকিরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে চাপাতির গভীর কুপের ক্ষত ছিল। কোনো কোনো স্থানে হাড় পর্যন্ত কেটে গিয়েছিল। তাঁকে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান।
রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। তবে হামলার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com