স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইটবাহী পিকআপ ভ্যানের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর সরকার (৬৫) এবং গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের ছেলে মো: কাইয়ুম দেওয়ান (১০০)। এ ঘটনায় আহত হামেম বেপারী (৭৫), একই এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সকালে ফজরের নামাজ আদায়ের পর কয়েকজন বৃদ্ধ মসজিদের সামনে একটি দোকানে বসে গল্প করছিলেন।এ সময় সিরাজদিখান থেকে আসা ইটবাহী নাম্বার বিহীন একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে এসে তাঁদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই নেকবর সরকার নিহত হন। আহত কাইয়ুম দেওয়ান ও হামেম বেপারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথেই কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়। পরে হামেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
আহত হামেম বেপারী জানান,ফজরের নামাজ শেষে তাঁরা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। পরে একটি দোকানে বসে গল্প করার সময় হঠাৎ একটি পিকআপ ভ্যান তাঁদের ওপর উঠে যায়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান এবং তাঁরা দুজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান,দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করে রাখা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁদের দাবি, গাড়িটিতে গাঁজা ও গাঁজা সেবনের কিছু সরঞ্জাম পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং গাড়িতে মাদক বা মাদক সেবনের সরঞ্জাম থাকার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com