মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার হাঁসায়গাড়ি ইউনিয়নের ভূতলিয়া ও কুজাগাড়ি গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। প্রায় শত বছর ধরে অবহেলিত এই সড়কটি মাটি কেটে উঁচু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ টাকা।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর পক্ষে সড়কটির মাটি কাটার কাজের উদ্বোধন করেন হাঁসায়গাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল হোসেন। এ সময় দুই গ্রামের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাঁদের। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি পানিতে ডুবে থাকায় বিল থেকে ফসল ঘরে তুলতে কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের যাতায়াত এবং গ্রামের ঈদগাহে নামাজ আদায় করতেও নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
এমনকি এই সড়কে একটি ব্রিজ থাকলেও সংযোগ সড়কটি চলাচলের উপযোগী না হওয়ায় ব্রিজটি কার্যত কোনো কাজে আসছে না। দীর্ঘদিন ধরে ব্রিজটি থাকলেও সড়কের অভাবে এর সুফল পাচ্ছেন না দুই গ্রামের বাসিন্দারা।
তাঁরা বলেন, দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান হতে যাচ্ছে। সড়কটি মাটি দিয়ে উঁচু করা হলে কৃষিকাজ, শিক্ষার্থীদের যাতায়াতসহ দুই গ্রামের মানুষের চলাচলে স্বস্তি ফিরবে।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কাজ শেষ হলে শত বছরের অবহেলার অবসান ঘটবে এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com