স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রথমবারের মতো ৬০ জন কৃষকের মধ্যে রপ্তানিযোগ্য জাতের আলুর বীজ ও চাষাবাদের প্রয়োজনীয় উপকরণ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। উন্নত জাতের আলু উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে ‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা কৃষি কার্যালয়সংলগ্ন এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিরাজদিখানের আয়োজনে এক অনুষ্ঠানে এসব বীজ ও উপকরণ বিতরণ করা হয়।
সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হাবিবুর রহমান।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়,এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ২০ শতক জমিতে আলু চাষের উপযোগী উপকরণ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫৫ জন কৃষককে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ‘সানসাইন’ জাতের ১৬০ কেজি করে আলুর বীজ এবং পাঁচজনকে ‘স্টারিস্ট’ জাতের আলুর বীজ দেওয়া হয়েছে।পাশাপাশি প্রত্যেক কৃষককে ২০ শতক জমির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সার,জৈব বালাইনাশক ও জিপসাম সরবরাহ করা হয়েছে।বীজ শোধন ও আলুর পরিচর্যার জন্য বিকাশের মাধ্যমে নগদ অর্থসহায়তাও দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো:রফিকুল ইসলাম জানান,চলতি বছর মুন্সীগঞ্জ জেলায় মোট ৩৬০ জন কৃষকের মধ্যে রপ্তানিযোগ্য আলুর বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণের কর্মসূচি রয়েছে।দেশের উৎপাদিত আলু আন্তর্জাতিক বাজারের রপ্তানিযোগ্য মানদণ্ড পূরণে সীমাবদ্ধতা থাকায় উন্নত জাতের আলু উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।এর মাধ্যমে আলুর গুণগত মান উন্নত হবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে দেশের আলু রপ্তানির সম্ভাবনা বাড়বে বলে আশা করা হচ্ছে।
বাণিজ্যিক
কার্যালয় : ৭৮/ই, পুরানা
পল্টন লেন বিজয় নগর,
ঢাকা-১০০০।
মোবাইল,ই-মেইল:
banglamatirnews@gmail.com