
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের বাঘড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী একটি চক্র অবাধে মাটি কেটে বিক্রি করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন ভুক্তভোগী জেলা প্রশাসকের কাছে পৃথক লিখিত আবেদন করেছেন।
আবেদনকারীরা জানান,আদালতের স্পষ্ট আদেশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট নথি রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে।সেই সুযোগে দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ মাটি খনন চলছে।অভিযোগ রয়েছে,প্রশাসনের একটি অংশের নীরব সমর্থন ও যোগসাজশেই এই কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের ভাষ্য,অতীতে কয়েক দফা অভিযান হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে।ফলে চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে।তারা মোটা অংকের সেলামির বিনিময়ে প্রশাসন ম্যানেজ করে কোটি কোটি টাকার মাটি বিক্রি করে বিপুল সম্পদের মালিক বনে গেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়,কয়েক কিলোমিটার এলাকাজুড়ে একাধিক স্থানে একযোগে মাটি কাটা হচ্ছে।ভারী ট্রাক ও ডাম্পারে করে প্রকাশ্যে মাটি পরিবহন করা হলেও কার্যকর কোনো বাধা নেই।স্থানীয়দের আশঙ্কা,এখনই কঠোর ব্যবস্থা না নিলে পুরো বাঘড়া এলাকার ভূমি ধ্বংস হয়ে যাবে।
আবেদনগুলোতে জেলা প্রশাসকের কাছে হাইকোর্টের আদেশ দ্রুত কার্যকর করা,নথি গায়েবের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অবৈধ মাটি খনন ও বিক্রির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।এ বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।