
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদর উপজেলার শহর বাজারে বাজার তদারকি চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়।
শনিবার(২৮ ফেব্রুয়ারি)সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে আসে।
অভিযানকালে মুদি,সবজি,গোশত ও ফলের একাধিক দোকান পরিদর্শন করা হয়।পণ্যের মূল্য তালিকা,ক্রয় রশিদ ও সংরক্ষণ পদ্ধতি যাচাই-বাছাই করা হয়।বেশ কয়েকটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করায় তাৎক্ষণিকভাবে দৃশ্যমান স্থানে তালিকা টানানোর নির্দেশ দেয়া হয়।একই সাথে ব্যবসায়ীদের বৈধ ক্রয় রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।
মনিটরিং চলাকালে শহর বাজারের ‘লিমন স্টোর’-এ বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি)অপেক্ষা অধিক দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দোকান মালিক মো:রফিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর,মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো:জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি টিম।
অভিযান শেষে সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন,রমজানকে সামনে রেখে কেউ যাতে অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে,সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এদিকে বাজারে উপস্থিত ক্রেতাদের অনেকে এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেন।তাদের দাবি,নিয়মিত নজরদারি থাকলে বাজারে অস্থিরতা কমবে এবং অসাধু ব্যবসায়ীরা অনিয়ম করার সুযোগ পাবে না।