
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে তাল বোঝাই একটি ট্রাক রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি ও দোকানে ধাক্কা দিয়ে খালে পড়ে গেছে।তবে এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার (১৭ মে) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে,গভীর রাতে তাল বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে এবং পরে রতনের সিএনজি গ্যারেজ/দোকানে সজোরে ধাক্কা দেয়।ধাক্কা দিয়ে ট্রাকটি সরাসরি পাশের খালে গিয়ে পড়ে। ঘটনার সময় গভীর রাত হওয়ায় দোকানে কোনো মানুষ ছিল না।
দুর্ঘটনার সময় খালে টোং জাল দিয়ে মাছ শিকার করছিলেন আজিজ মিয়া নামে এক ব্যক্তি।তিনি জানান,ঘটনার পরপরই তিনি ট্রাকে থাকা চালক ও হেলপারকে অক্ষত অবস্থায় কাদা-পানি থেকে বের হয়ে পালিয়ে যেতে দেখেছেন।ধারণা করা হচ্ছে,তারা দুজনেই সুস্থ আছেন এবং বড় কোনো আঘাত পাননি।
এদিকে খবর পেয়ে সকালে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।দুর্ঘটনার কারণে ওই এলাকার বৈদ্যুতিক খুঁটি ও দোকানটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।