
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালির অংক বাজারে একটি তিনতলা ভবনের নিচতলার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এতে ভবনের দ্বিতীয় তলায় থাকা হাসপাতাল ও ব্যাংকসহ আশপাশের বহু দোকান আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।
রবিবার(৯ আগস্ট) সকাল ৬টার দিকে লৌহজং ফায়ার স্টেশনে অগ্নিকাণ্ডের খবর আসে।খবর পেয়ে লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,ভবনটির নিচতলায় মার্কেট,দ্বিতীয় তলায় ইসলামি জেনারেল হাসপাতাল এবং যমুনা ব্যাংক ছিল।আগুনের কারণে ভবনটিতে প্রচুর ধোঁয়া সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ সময় হাসপাতালে ভর্তি থাকা চারজন নারী সিজারিয়ান রোগী এবং ভবনের আবাসিক অংশে থাকা লোকজনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।
ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিচতলার একটি কাপড়ের দোকানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। ফলে দ্বিতীয় তলায় থাকা হাসপাতাল ও ব্যাংকসহ আশপাশের বহু দোকান আগুনের হাত থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তবে আমির হোসেন বস্ত্রালয় নামের দোকানটির কাপড় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।দোকানটির মালিক আমির হোসেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে,প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।