
মাইনুল ইসলাম,উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জালসহ এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) আজ দুর্গাপুর বাজারে পরিচালিত অভিযানে প্রতিবন্ধী মো. হারুন অর রশিদ (পিতা: মৃত সেকেন্দার আলী),সরকার পাড়া, দুর্গাপুর, উলিপুরকে নিষিদ্ধ দুই বস্তা যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকার কারেন্ট জালসহ আটক করা হয়।
অভিযানে তাকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক) ধারা লঙ্ঘনের অপরাধে ৫(২)(ক) ধারায় ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো. রফিকুল ইসলাম, উলিপুর থানার এএসআই নাজিমুল ও পুলিশ কনস্টেবল আলমগীর হোসেন ও মৎস্য অফিস সহকারী মোঃ হযরত আলী এবং স্থানীয় জনসাধারণ। পরে সবার উপস্থিতিতে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত
মো. রফিকুল ইসলাম জানান, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।