
স্টাফ রিপোর্টারঃ
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রসুলপুর (সতুরচর) ঈদগাহ মাঠে ঐতিহ্যবাহী হা-ডু-ডু (কাবাডি) প্রতিযোগিতা-২০২৬-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় শাহীন মোরশেদ (রাজ) স্মৃতি সংসদ আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মেগা ফাইনালে রসুলপুর টাইগার্স দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে রসুলপুর রয়্যালসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহসভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল। উদ্বোধক ছিলেন বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মানিছ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে. এম. শাহ জামাল, মো:কবির হোসেন,মো: আলমগীর হোসেন (সভাপতি, সিরাজদিখান উপজেলা কৃষকদল) এবং মো: মনোয়ার মোর্শেদ মাসুম,আহ্বায়ক,মুন্সীগঞ্জ জেলা যুবদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক মর্যাদা) মো. অহিদুল ইসলাম অহিদ।সঞ্চালনায় ছিলেন বাসাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বাচ্চু।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ,সুন্দর ও শৃঙ্খলাবোধসম্পন্ন সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতি ও প্রাণবন্ত উৎসাহ-উদ্দীপনা প্রতিযোগিতাকে এক অনন্য মিলনমেলায় পরিণত করে।
অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন বাবু,রকিফ, শহিদুল,আরিফ,আসাদ,নিপু,আজিজুল ও কামাল।