
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জে ১৪০ বোতল এস্কাফ সিরাপ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রবিবার(৬ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানার বল্লালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কোর্ট চাঁদপুর থানার উত্তর মন্ডলপাড়ার মৃত কামাল হোসেনের ছেলে রুবেল (২৮) এবং মহেশপুর থানার যাদবপুর বিওপি ক্যাম্পপাড়ার মো. রফিক বিশ্বাসের ছেলে মো: রিপন আলী (৩৮)।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই (নিঃ) রাশেদ মুন্সীসহ ডিবি পুলিশের একটি দল বল্লালবাড়ি এলাকায় সিরাজের চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়।এ সময় একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৪০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা প্রতিটি বোতলের গায়ে ইংরেজিতে ‘Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।