
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বালুয়াকান্দি এলাকার মিয়ামি রেস্টুরেন্টে মনিটরিং করে দেখা যায়,একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছে।এছাড়া ডাস্টবিন উন্মুক্তভাবে রাখা এবং বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকার বিষয়টিও নজরে আসে।
এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে,ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার মুয়াজ স্টোরে অভিযান চালিয়ে পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করার অনিয়ম পাওয়া যায়।এ কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ বেলালকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকানে যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ,গজারিয়া উপজেলা ক্যাবের সভাপতি মো:নাসির উদ্দিন,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ,খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসা প্রতিষ্ঠানে আইন মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।