
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার বালিগাও বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বাজারের বিভিন্ন দোকানে মনিটরিং করা হয়।
অভিযান চলাকালে শিশির মজুমদার স্টোরে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক শিশির মজুমদারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।একই অপরাধে ঢালি স্টোরের মালিক অরুন ঢালীকেও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিতাই বৈদ্য স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করার অভিযোগে দোকানটির মালিক নিরঞ্জন বৈদ্যকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।এসময় তাকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংঙ্গীবাড়ী থানা পুলিশের একটি টিম।ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।