
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান,সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের দিন।এ উপলক্ষে প্রতিমা বিসর্জন যেন নিরাপদ,নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়,সে লক্ষ্যে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ডুবুরি দল,ওয়াটার রেসকিউ টিম ও স্পিডবোট প্রস্তুত রাখা হয়েছে।
এ ছাড়া মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নদী ও প্রতিমা বিসর্জনের গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে ফায়ার সার্ভিসের ওয়াটার রেসকিউ টিম মোতায়েন থাকবে।প্রতিমা বিসর্জনের সময় কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার ও জরুরি সেবা নিশ্চিত করতে এসব প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন,প্রতিমা বিসর্জনের সময় সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। আশা করি,ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় প্রস্তুতি ও সবার সম্মিলিত সহযোগিতায় মুন্সুগঞ্জে প্রতিমা বিসর্জন নিরাপদ,নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।