
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত ও ১৬ জন আহত হওয়ার ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো:মেনহাজুল আলম, পিপিএম।
শনিবার (২৪ অক্টোবর) ভোররাতে শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার সন্নিকটে ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার দর্শনা থেকে ছেড়ে আসা দর্শনা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে চলন্ত কাভার্ড ভ্যানের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মো:মেনহাজুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় তিনি দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
দুর্ঘটনার পরপরই হাঁসাড়া হাইওয়ে থানা-পুলিশ, শ্রীনগর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।এ ঘটনায় বাসের সুপারভাইজার,হেলপার ও একজন যাত্রী নিহত হন।আহত ১৬ জনের অনেকেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন,অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ এবং চালকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ।
সংশ্লিষ্টরা মনে করছেন,সড়কে শৃঙ্খলা বজায় রাখা,আইন মেনে চলা এবং চালকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।