
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে।“পুষ্টি বৈষম্যের দিন শেষ,গড়বো সমৃদ্ধ বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী,সিভিল সার্জন ডা.মো:কামরুল জমাদ্দার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা।এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।সভায় বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধি,সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন।তারা বলেন, একটি সুস্থ জাতি গঠনে পুষ্টি বিষয়ে সচেতনতা অপরিহার্য।
জেলা প্রশাসন জানিয়েছে,সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও আয়োজন বাস্তবায়ন করা হবে।