
স্টাফ রিপোর্টারঃ
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর ওপর অবস্থিত একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস জানায়,মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীর ওপর অবস্থিত ও টি লাইবা ফ্লোটিং অ্যান্ড ফিলিং স্টেশনে আগুন লাগার খবর আসে।দ্রুত ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা ব্রিদিং অ্যাপারেটাস (Breathing Apparatus) ব্যবহার করে অভিযান পরিচালনা করেন এবং স্বল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়।অগ্নিকাণ্ডে কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরো জানান,আগুনটি জ্বালানি তেলের সংরক্ষণস্থলে ছড়িয়ে পড়লে বড় ধরনের বিস্ফোরণ ও ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা ছিল।ফায়ার সার্ভিসের সদস্যদের সময়োপযোগী পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।এ কারণে বড় ধরনের দুর্ঘটনা এবং ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।