
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বর এলাকায় উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রির অভিযোগে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মিরেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেসার্স সত্তার ভ্যারাইটিজ স্টোরে মনিটরিং করে বিভিন্ন ধরনের খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুস সাত্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রি না করার বিষয়ে তাকে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসারের একটি দল অভিযানে সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।