
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং পণ্যের মূল্যতালিকা ও উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিরাজদিখান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে তালুকদার ফুডস বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট,কেক,পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করতে দেখা যায়।পাশাপাশি উৎপাদিত খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছিল না।এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া রাম কৃষ্ণ ভান্ডারে বিভিন্ন পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক রাম কৃষ্ণ দাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁকে দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে,মাহিয়া ফাতিহা ফল স্টোরে ফলের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক সিজান মাহমুদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।তাঁকেও ফলের মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন।এ সময় কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।