
মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গাইবান্ধা পৌর শাখার উত্থাপিত বিভিন্ন প্রস্তাবকে ইতিবাচক ও জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ হিসেবে বিবেচনা করছে চেম্বার কর্তৃপক্ষ।
চেম্বার কর্তৃপক্ষ জানিয়েছে, মেলা আয়োজনের পাশাপাশি শিক্ষার পরিবেশ, স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ, ব্যবসায়ীদের স্বার্থ এবং সাধারণ মানুষের সুবিধার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এনসিপির উত্থাপিত কয়েকটি প্রস্তাব এবারের মেলাতেই বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি কয়েকটি প্রস্তাব ভবিষ্যৎ মেলা আয়োজনের ক্ষেত্রে বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
চেম্বারের প্রেস রিলিজে জানানো হয়, এনসিপির প্রস্তাব অনুযায়ী মেলার সময়সীমা সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে চলতি আয়োজনের প্রস্তুতিতে ইতোমধ্যে উল্লেখযোগ্য অর্থ ও সময় ব্যয় হয়েছে এবং অধিকাংশ স্টল ও অবকাঠামোর কাজ প্রায় সম্পন্ন হওয়ায় বর্তমান বাস্তবতা বিবেচনায় বিষয়টি সমন্বয় করা হবে। ভবিষ্যতে মেলা আয়োজনের ক্ষেত্রে ১৫ দিনের সময়সীমাকে বিশেষভাবে বিবেচনা করা হবে।
স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর গাইবান্ধায় উৎপাদিত নিজস্ব পণ্য রয়েছে—এমন ৪০ জনের বেশি স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাকে বিনামূল্যে অথবা প্রতীকী ১০ টাকা মূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণের বিষয়ে এনসিপির প্রস্তাবের একটি বড় অংশ বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছে চেম্বার।
এছাড়া মেলায় মানসম্মত ও গুণগত পণ্য বিক্রয়কারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়ার প্রস্তাবটিকেও ইতিবাচক ও সময়োপযোগী বলে মনে করছে চেম্বার কর্তৃপক্ষ। মেলা পরিচালনা ও স্টল বরাদ্দের ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে।
শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়েও চেম্বারের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুলের বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে শুরু হওয়ার বিষয়টি বিবেচনায় রেখেই নির্ধারিত সময়ের আগেই মেলা শেষ করার পরিকল্পনা ছিল বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।
চেম্বার জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা ডিসেম্বর মাসে মেলা আয়োজনের বিষয়টিও বিবেচনা করা হয়েছিল। তবে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বাস্তব কারণে এবার মেলার সময় পরিবর্তন করা সম্ভব হয়নি। ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময় বিবেচনায় রেখে মেলা আয়োজনের বিষয়ে চেম্বারের সদিচ্ছা থাকবে।
চেম্বার কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলা স্থানীয় ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা ও সাধারণ মানুষের জন্য একটি ইতিবাচক ও কার্যকর আয়োজন হিসেবে ভূমিকা রাখবে।