
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে।এতে ট্রাকচালক গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন।পরে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টা ৫৮ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান,দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।পরে অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম ‘স্পেডার’ ব্যবহার করে ট্রাকের ভেতরে আটকে থাকা চালককে উদ্ধার করা হয়।
আহত চালকের নাম আজগর খন্দকার (৫৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা।উদ্ধারের পর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে,গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি মংলা থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে কাভার্ড ভ্যানটি মাগুরা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কামারখোলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক হওয়ায় দুর্ঘটনাটি বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারত। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর উদ্ধার তৎপরতায় আহত চালককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় এবং সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।