
স্টাফ রিপোর্টার
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় সিরাজদিখান থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ।
সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার এসআই সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শেখরনগর তদন্তকেন্দ্র ইনচার্জ সনজিৎ ঘোষ,
মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল দাস,সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ,সিরাজদিখান উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমল দাস, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন দাস,সাধারণ সম্পাদক জ্ঞান দীপ ঘোষ,শেখরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল সহ উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ,নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা,আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা,সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবার পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন,ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের ঐতিহ্য।এই ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সবাই মিলে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে হবে।এ জন্য প্রশাসন, পুলিশ,পূজামণ্ডপের কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত সবাই শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য,সিরাজদিখান উপজেলায় মোটা ১৩২টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।