
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন,অননুমোদিত রঙের ব্যবহার ও পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি আইসক্রিম কারখানাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নে অবস্থিত সততা আইসক্রিম ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন, শ্রীনগর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,মুন্সীগঞ্জের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন শ্রীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া।অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মুন্সীগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: নূর-ই-আলম সোহাগ, শ্রীনগরের উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নাসরিন সুলতানা মিলি এবং পুলিশের একটি দল।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়,কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং নিম্নমানের খাদ্য সংযোজন উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।এ ছাড়া উৎপাদিত পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা,মেঝেতে খাবার রাখা এবং আইসক্রিম তৈরিতে অননুমোদিত রং ব্যবহারের মতো অনিয়ম শনাক্ত করা হয়।
এসব অপরাধের দায় স্বীকার করায় কারখানাটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।একই সঙ্গে বিপুল পরিমাণ রাসায়নিক রং ও জেলি জনসমক্ষে ধ্বংস করা হয়।
অভিযান শেষে কারখানা কর্তৃপক্ষকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।পাশাপাশি সন্তোষজনক পরিবর্তন না হলে আইন অনুযায়ী মামলা করার বিষয়ে সতর্ক করা হয়।
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।