
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামী খাইরুদ্দিন মোল্লাকে (৪৬) গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মুক্তারপুর সেতু টোলপ্লাজা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খাইরুদ্দিন মোল্লা মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের মতলব মোল্লার ছেলে। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে,ছাত্র হত্যা মামলার পাশাপাশি খাইরুদ্দিন মোল্লার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে চারটি ও মারামারির ঘটনায় তিনটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুক্তারপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়,খাইরুদ্দিন দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ এলাকায় বসবাস করতেন। সেখানে তিনি আলোচিত ও প্রভাবশালী ওসমান পরিবারের সদস্য আজমেরী ওসমানের সহযোগী হিসেবে কাজ করতেন বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,ছাত্র হত্যা মামলায় খাইরুদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।ঘটনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।