
মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার কাটখইর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ.ম.আ. আল কাফী তুহিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাটখইর উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ও সভাপতি মো. জালাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জনাব আলী।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা, সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ পায়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী করে তুলতে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা সংশ্লিষ্টদের।