
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসী ও ‘নৌ-ডাকাত দলের’ মধ্যে সংঘর্ষ হয়েছে।শুক্রবার বিকেলে সদর উপজেলার কালীরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ‘নৌ-ডাকাত কিবরিয়া মিজির’ লোকজনের সঙ্গে গ্রামবাসীর এ সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।আহত সাকিল(২৭), নুরে আলম (২৮),আরিফ বেপারী (৩০) ও জামাল ঢালীসহ (৪৬) সবাইকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত জামাল ঢালী জানান,বিকেল ৫ টার দিকে ড্রেজারের মাধ্যমে কালীরচর গ্রামঘেষে মেঘনা নদীতে বালু উত্তোলন করছিলো।এতে গ্রামের লোকজন ঐক্যবদ্ধ হয়ে বাধা দিতে এগিয়ে যায়।এসময় ‘নৌ-ডাকাত কিবরিয়া’ বাহিনীর সদস্যরা গ্রামবাসীর ওপর হামলা চালায়।পরে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়।এক পর্যায়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ফেলে পালিয়ে যায় শ্রমিকরা।এতে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়।
এ ব্যাপারে জানতে ‘নৌ-ডাকাত দলের’ প্রধান কিবরিয়া মিজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সদর উপজেলার মেঘনা তীরের চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন,সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক নৌ-ফাঁড়ি পুলিশের টিম ঘটনাস্থলে ছুটে যায়।সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।