
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানার পদ স্থগিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা।সোমবার রাত ৭টা থেকে ৮টা পর্যন্ত জেলা শহরের থানারপুল চত্বর থেকে পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে এ মৌন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন বিএনপি,যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী।
নেতাকর্মীরা জানান,কোনো রকমের কারণদর্শানোর নোটিশ ছাড়াই অবৈধভাবে স্থগিতের আদেশ দেওয়া হয়েছে।পদ স্থগিতের পত্রে মাসুদ রানার নীতি ও আদর্শ পরিপন্থি কাজের কথা উল্লেখ করা হলেও নির্দিষ্ট অভিযোগ উল্লেখ করা হয়নি।
দুঃসময়ে দলের জন্য নিবেদিত ছিলেন মাসুদ রানা।নেতাকর্মীরা সবাই এ ঘটনায় হতাশ।দ্রুত কেন্দ্রের এই আদেশ বাতিলের দাবি জানান তারা।
শনিবার রাতে কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলামের স্বাক্ষরিত পত্রে সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত করা হয়।একই পদে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্নাকে দায়িত্ব দেওয়া হয়।