
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
রাশিয়ায় অনুষ্ঠিত ওপেন এয়ার বায়োলজি অলিম্পিয়াড-২০২৬ এ অংশ নিয়ে গোল্ড মেডেল অর্জন করেছে মুন্সীগঞ্জের মেধাবী শিক্ষার্থী রূপকথা রায়।আন্তর্জাতিক এ অর্জনে পরিবার, শিক্ষক ও জেলাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা গেছে,রূপকথা রায় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ী উপজেলার নয়ানন্দ গ্রামের বাসিন্দা।তিনি ব্যবসায়ী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠক নবীন কুমার রায়ের কন্যা এবং মুন্সীগঞ্জ এভিজেএম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ক্ষমা রানী দাসের নাতনি।বর্তমানে তিনি মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
১৫ মে থেকে রাশিয়ায় শুরু হওয়া ওপেন ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড (OIBO)-২০২৬ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন রূপকথা।বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে নিজের মেধার স্বাক্ষর রেখে তিনি গোল্ড মেডেল অর্জন করেন।তার এই সাফল্যকে মুন্সীগঞ্জের জন্য গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা।
শিক্ষাজীবনের শুরু থেকেই পড়াশোনা,বিজ্ঞানচর্চা,সৃজনশীলতা ও নেতৃত্বের নানা ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়ে আসছেন রূপকথা রায়।এর আগে তিনি জাপান ইয়ুথ সামিটে অংশগ্রহণের জন্য পূর্ণ অর্থায়িত বৃত্তি লাভ করেন এবং বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের মধ্যে শীর্ষ ৩০ প্রতিনিধির একজন হিসেবে স্থান করে নেন।
বিজ্ঞানের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তার সরব উপস্থিতি।জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় শাস্ত্রীয় সংগীত, নজরুল সংগীত,দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তিতে কৃতিত্ব অর্জন করেছেন তিনি।এছাড়া বিভিন্ন মডেল ইউনাইটেড নেশনস (MUN) সম্মেলনে অংশ নিয়ে ‘সেরা প্রতিনিধি’ ও ‘অসামান্য প্রতিনিধি’ পুরস্কারও পেয়েছেন।
রূপকথার এ আন্তর্জাতিক অর্জনে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন,ভবিষ্যতেও তিনি দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবেন।