
স্টাফ রিপোর্টার
কারখানায় নেই বিএসটিআইয়ের লাইসেন্স। অথচ আইসক্রিমের মোড়কে ব্যবহার করা হচ্ছে বিএসটিআইয়ের লোগো। তার ওপর নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল বিভিন্ন ধরনের আইসক্রিম। এমন চিত্র ধরা পড়েছে মুন্সীগঞ্জের মুক্তারপুরের ‘চকো আইসক্রিম ফ্যাক্টরি’তে।
পরে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার মুক্তারপুর এলাকায় অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়।
অভিযানকালে ‘চকো আইসক্রিম ফ্যাক্টরি’তে মনিটরিং করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম প্রস্তুতের বিষয়টি দেখতে পায় অভিযানকারী দল।একই সঙ্গে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করেই আইসক্রিমের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের বিষয়টিও প্রকাশ্যে আসে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মোহাম্মদ শাহ আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।পাশাপাশি কারখানায় পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো:জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।