
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জগন্নাথ মিষ্টান্ন ভান্ডারে প্রস্তুত করা মিষ্টি উন্মুক্তভাবে সংরক্ষণ এবং দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জগন্নাথ ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া জাকির ফল ভান্ডারে ফলের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক জাকির হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করেন।
এ সময় সিরাজদিখান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ আলম মিয়া ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।