
মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন থেকে পার্শ্ববর্তী রাজশাহী জেলায় সার পাচারের অভিযোগে দুটি গাড়ি থেকে ১২০ বস্তা ডিএপি কমপ্লেক্স সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা সারের সরকারি মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত প্রায় ১০ টার দিকে স্থানীয় জনগণের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় দুবলহাটি ইউনিয়নের সার ডিলার ওয়াসেফ আলী মোল্লার কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরে আমিন জব্দ করা সারগুলো সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরুল ইসলামের দায়িত্বে দুবলহাটি ইউনিয়ন পরিষদে সংরক্ষণের ব্যবস্থা করেন। পরে সেগুলো ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার জিম্মায় রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) সরকার নির্ধারিত মূল্যে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করা হবে। বিক্রয়লব্ধ অর্থ পরবর্তীতে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।