
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১০ টি ইউনিয়নে ৩৪টি পূজা মণ্ডপে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নেছার উদ্দীন।তিনি বলেন,“দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।পূজা মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ,আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে।প্রতিটি মণ্ডপে আলাদা নিরাপত্তা ব্যবস্থা ও স্বেচ্ছাসেবক দল থাকবে।
সভায় জানানো হয়,প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা হবে।পাশাপাশি নারী-পুরুষদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথ রাখা হবে।
সভায় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক,ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি, ইমাম সমিতির সভাপতি,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর লৌহজং উপজেলায় মোট ৩৪টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে মহাষষ্ঠী তিথি থেকে এবং বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।