স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের গজারিয়ায় স্ত্রী রিনা বেগম (৩২) হত্যার ঘটনায় তার স্বামী সুমন সরকারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়,গত ১২ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে গজারিয়া থানাধীন চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় নিজ বসতঘর থেকে রিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।এ ঘটনায় নিহত রিনা বেগমের ভাই সাফায়েত হোসেন (২৩) বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর গজারিয়া থানায় ৩০২/৩৪/১১৪ ধারায় মামলা দায়ের করেন।
পুলিশের তদন্তে জানা যায়,নিহত রিনা বেগম টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মো: ইব্রাহিমের মেয়ে। প্রায় ১৭ বছর আগে সুমন সরকারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সুমন পেশায় রং মিস্ত্রি।
পুলিশের ভাষ্য অনুযায়ী,পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। এর আগে সুমন তার স্ত্রীকে একাধিকবার মারধরও করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার দিন ১১ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে সুমন বাড়িতে এসে স্ত্রীকে খাবার দিতে বলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে সুমন তার স্ত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলেন। পরে রাত ১০টার দিকে রিনা বেগম মেয়েকে নিয়ে ছোট একটি কক্ষে ঘুমিয়ে পড়েন।
পুলিশের দাবি, রাত আনুমানিক ১টার দিকে সুমন ওই কক্ষে গিয়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রিনা বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ফজরের সময় মসজিদে নামাজ আদায় করে কুমিল্লার দিকে চলে যান। পুলিশ জানায়, সুমন কুমিল্লার বুড়িচং, চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও মেঘনা এলাকায় অবস্থান করেন। গজারিয়া থানা পুলিশের একটি দল তাকে অনুসরণ করতে থাকে। পরে ঢাকার দিকে রওনা হলে ১৩ সেপ্টেম্বর রবিবার ভোর ৩টা ৪৫ মিনিটে টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্ত্রী হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মো:মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: কামরান হোসেনের তদারকিতে এবং অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ সদর সার্কেল মো:ইমরান আহম্মেদ পিপিএম-সেবার তত্ত্বাবধানে গজারিয়া থানা পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত: মো: সুমন সরকার (৪০), পিতা-বাছেদ সরকার, সাং-চর বাউশিয়া মধ্যমকান্দি, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ।