
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নওপাড়া বাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা প্রদর্শন না করা,খাদ্যপণ্য উন্মুক্তভাবে সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান,অভিযানে নওপাড়া বাজারের নিউ ভাই ভাই স্টোরে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রশিদকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া লোকনাথ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে উৎপাদিত খাদ্যপণ্য উন্মুক্তভাবে সংরক্ষণ,মূল্য তালিকা প্রদর্শন না করা এবং দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কমল ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে,মৈত্রী ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির মালিক প্রবীর দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন লৌহজং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: নাজমুল হোসেন এবং লৌহজং থানা পুলিশের একটি দল।